সুনামগঞ্জের তাহিরপুরে বালুবাহী নৌকা নিয়ে যাওয়ার পথে বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিপু মিয়া উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বালুবাহী নৌকা নিয়ে টেকেরঘাটের উদ্দেশে রওনা হন শিপু মিয়া। পথে মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। পরে নৌকায় থাকা অন্যরা তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ইনচার্জ ফারুক আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ




Comments