ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে মাদক সেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের বক্তারমুন্সী বাজারের মাঝখানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারের কাজে নিয়োজিত করা হয়।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ওই এলাকায় দুই ব্যক্তি মাদক সেবন করছেন—এমন খবর পেয়ে তারা সেখানে গিয়ে তাদের আটক করেন।
পরে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবদল নেতা দাউদুল ইসলাম মিনারের নেতৃত্বে তাদের বক্তারমুন্সী বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকা পুকুরটির ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজে তাদের নামানো হয়।
আটক দুজন হলেন—সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে জাহেদ আলম (৩৮)।
স্থানীয়রা জানান, এলাকায় মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যেই তাদের আটক করা হয়। পরে স্থানীয়ভাবে সচেতনতা তৈরির অংশ হিসেবে তাদের দিয়ে দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার বলেন, দুই ব্যক্তি ব্রিকস ফিল্ডে গাঁজা সেবন করছেন—এমন খবর পেয়ে তিনি স্থানীয়দের নিয়ে সেখানে যান। পরে তাদের আটক করা হয়। স্থানীয়দের পরামর্শে তাদের দিয়ে বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়েছে।
তিনি আরও বলেন, ওই দুই ব্যক্তি এর আগেও একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবার একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে স্থানীয়দের অভিযোগ। এ কারণে স্থানীয়দের পরামর্শে এবার তাদের দিয়ে পুকুরটি পরিষ্কার করানো হয়েছে।
এসএ




Comments