Image description

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের পাঁচদরিল্লা এলাকায় খালের ওপর নির্মিত গুরুত্বপূর্ণ একটি ঢালাই ব্রিজ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। পুরোনো এ ব্রিজটি এখন স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির ঢালাইয়ের বিভিন্ন অংশ ধসে গিয়ে রড বেরিয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে বড় ধরনের ভাঙন। পাশাপাশি ব্রিজে কোনো রেলিং না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে বর্ষাকালে ও রাতের আঁধারে ব্রিজটি পারাপার আরও বিপজ্জনক হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন এ পথ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ যাতায়াত করেন। পাশের কৃষিজমি ও জলাশয়ে যাতায়াতের পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্য আনা-নেওয়ার ক্ষেত্রেও ব্রিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিন ধরে সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় জনদুর্ভোগ ক্রমেই বাড়ছে।

রাজগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার মোমতাজ খোকন বলেন, দীর্ঘদিনের পুরোনো ব্রিজটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

নান্দাইল উপজেলা এলজিইডির কর্মকর্তা গোলাম কিবরিয়া পিয়াল বলেন, মেয়াদোত্তীর্ণ ও ভাঙা ব্রিজগুলো পুনর্নির্মাণের জন্য তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এদিকে, জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে পাঁচদরিল্লা ব্রিজটি দ্রুত পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এসএ