Image description

১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠেয় ঢাকা-রংপুর লংমার্চের প্রথম পথসভাকে ঘিরে গাজীপুরের ভোগড়া বাইপাসে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোগড়া বাইপাস মোড়ে গুরুত্বপূর্ণ এ পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পথসভাস্থলে মঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকায় পোস্টার, ব্যানার ও ফেস্টুন টানিয়ে প্রচারণা চালানো হয়েছে। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আয়োজক নেতারা জানান, ভোগড়া বাইপাসের পথসভা বড় জনসমাবেশে রূপ নেবে বলে তারা আশা করছেন। মহানগর ও জেলার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় থেকে নেতাকর্মী-সমর্থকদের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। লংমার্চের বহর গাজীপুরে প্রবেশের আগে টঙ্গী থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত সড়কের দুই পাশে নেতাকর্মীরা অবস্থান নিয়ে আমিরে জামায়াতসহ লংমার্চে অংশগ্রহণকারীদের স্বাগত জানাবেন।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ভোগড়া বাইপাসের পথসভাকে ঘিরে মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীরা কর্মসূচি সফল করতে প্রস্তুত রয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, পথসভায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগম হবে।

তিনি আরও বলেন, লংমার্চের বহর টঙ্গী হয়ে গাজীপুরে প্রবেশের সময় সড়কের দুই পাশে নেতাকর্মী ও সমর্থকেরা অবস্থান নিয়ে অংশগ্রহণকারীদের অভ্যর্থনা জানাবেন। টঙ্গী থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত স্বাগত আয়োজনকে কেন্দ্র করে মহানগরীর বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে কর্মসূচি সম্পন্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুক বলেন, পথসভাস্থলের মঞ্চ নির্মাণসহ প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে আগত মানুষের সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে দায়িত্বশীল নেতাকর্মীরা মাঠে থেকে প্রস্তুতি তদারকি করেছেন।

তিনি বলেন, পথসভা সফল করতে মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। সবাইকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে।

গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা-রংপুর লংমার্চকে ঘিরে গাজীপুর জেলা ও মহানগরে ব্যাপক সাড়া পড়েছে। নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও কর্মসূচি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে তিনি দাবি করেন। গাজীপুরে লংমার্চের প্রথম পথসভা সফল করতে জেলা ও মহানগরের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

এদিকে লংমার্চকে স্বাগত জানিয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাদ জুমা গাজীপুর মহানগরীর মেট্রো সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জয়দেবপুর বাজার বাসস্ট্যান্ড, শিববাড়ী মোড় হয়ে জুলাই চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মেট্রো সদর থানা জামায়াতের আমির মো. ছাদেকুজ্জামান খান, নায়েবে আমির মো. জালাল উদ্দিন ও সেক্রেটারি মো. রবিউল হক।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে ঢাকা-রংপুর লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম পথসভা গাজীপুরের ভোগড়া বাইপাসে অনুষ্ঠিত হওয়ার পর টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধা হয়ে রংপুরে যাওয়ার কর্মসূচি রয়েছে।

লংমার্চ ও ভোগড়া বাইপাসের পথসভাকে সামনে রেখে গাজীপুরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে।

এসএ