Image description

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক নাহিদা নাহিদের ১৩ বছর বয়সী ছেলে ইশায়েক শাহরিয়ার অপ্রতিম নিখোঁজ হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকা থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের সময় তার পরনে পাঞ্জাবি ছিল।

ঘটনার পর শুক্রবার রাতেই অপ্রতিমের বাবা ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মায়ের আইফোনটি লুকিয়ে নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হয়েছিল অপ্রতিম। এরপর আর সে বাসায় ফেরেনি।

শুক্রবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে অপ্রতিমের মা ও কুবি শিক্ষক নাহিদা নাহিদ লেখেন, ‘ছেলেকে কই খুঁজব, জঙ্গলে নাকি পানিতে। ও কি বেঁচে আছে?’

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে অপ্রতিমকে বন্ধুদের সঙ্গে রিকশায় করে আইসক্রিম খেতে দেখা যায়। পরে তার ফোনের অবস্থান শনাক্ত করে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বাসার পাশের গন্ধমতী এলাকায় থাকার তথ্য পাওয়া যায়।

শনিবার সকালে পুলিশ জানায়, অপ্রতিমকে উদ্ধারে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে স্থানীয় থানা, টোল-ফ্রি নম্বর ১৩২১৯ অথবা পরিবারের ০১৯৭৪৮৮৮৬৬৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এসএ