Image description

বরিশালের গড়িয়ারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস সড়কের পাশের পুকুরে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের গড়িয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল মালেক (৫৫)। তিনি বানারীপাড়া উপজেলার বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বাসটি যাত্রী নিয়ে পিরোজপুরের স্বরূপকাঠি থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের দিকে যাচ্ছিল। গড়িয়ারপাড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। এ সময় বেশ কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়। পরে পুকুর থেকে আব্দুল মালেকের মরদেহ উদ্ধার করা হয়।

আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি রফিকুল ইসলাম আরও জানান, খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পুকুরে পড়ে যাওয়া বাসটিও উদ্ধারের চেষ্টা চলছে।

এসএ