শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সংবর্ধনা পেল ৮২ জন
মাদারীপুরের শিবচরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৮২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ভালো ফলাফল অর্জনকারী সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয় অনুষ্ঠানে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় শিবচর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিবচর ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান। বিশেষ অতিথি ছিলেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর ক্যারিয়ার ক্লাবের চিফ মেন্টর ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৮২ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ভালো ফলাফল করা সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এতে বিজয়ী পাঁচ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
সভাপতির বক্তব্যে মাসুদুর রহমান বলেন, পরবর্তী প্রজন্মের জন্য কিছু করার লক্ষ্যেই বিভিন্ন পেশাজীবীকে নিয়ে শিবচর ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। ক্লাবে চিকিৎসক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিসিএস ক্যাডার, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ যুক্ত রয়েছেন। মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতার পাশাপাশি তাঁদের ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াও ক্লাবের অন্যতম লক্ষ্য। এ কার্যক্রমে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এইচ. এম. ইবনে মিজান বলেন, ‘আজ আমরা শুধু জিপিএ-৫ পাওয়ার ফলাফল উদযাপন করতে আসিনি; জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা যে স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন উদযাপন করতে এসেছি।’
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অর্জিত সাফল্যে যেন অহংকার জন্ম না নেয়। অহংকার মানুষের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারে। সবসময় নতুন কিছু শেখার আগ্রহ ধরে রাখার পাশাপাশি ভালো ফলাফলের সঙ্গে ভালো মানুষ হওয়ার আহ্বান জানান তিনি।
পরে আমন্ত্রিত অতিথি ও সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক এবং জিপিএ-৫ প্রাপ্ত ৮২ শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়।
সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তাঁরা নিজেদের সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে এমন আয়োজনের মাধ্যমে তাঁদের উৎসাহিত করায় শিবচর ক্যারিয়ার ক্লাবের প্রতি ধন্যবাদ জানান।
অভিভাবকরাও আয়োজনটির প্রশংসা করেন। তাঁদের মতে, শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো করার ক্ষেত্রে উৎসাহ জোগাবে।
এসএ




Comments