১৮ কোটি মানুষের দাবি আদায়ের এই লংমার্চ: শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্যের এই লংমার্চ কোনো দলের নয়, দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের লংমার্চ। যদি গণভোটের গণরায় বাস্তবায়ন করা হতো, তাহলে এই লংমার্চ করার প্রয়োজন হতো না।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ১১ দলীয় ঐক্যজোটের আট দফা দাবিতে ঢাকা টু রংপুর লংমার্চের গাইবান্ধার ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীর চৌমাথার পথসভায় প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন করা হতো তাহলে লংমার্চ করতাম না, যদি চাঁদাবাজি বন্ধ হতো তাহলে লংমার্চ করতাম না, দেশে যদি দুর্নীতি বন্ধ হতো তাহলে লংমার্চ করতাম না, মানুষ যদি বিদ্যুৎ পেতো লংমার্চ করতাম না, ন্যায্য মূল্যে পর্যাপ্ত সার পেতো লংমার্চ করতাম না, যদি ঘরে ঘরে মানুষ নিরাপত্তা পেতো তাহলে লংমার্চ করতাম না।
শফিকুর রহমান বলেন, প্রিয় দেশবাসী, আমাদের এসব দাবি যদি সরকার মেনে নেয় আল্লাহর কসম লংমার্চের প্রয়োজন হতো না। এই দাবিগুলো আমাদের দলের একটাও দাবি নয়, প্রত্যেকটা দাবি এ দেশের ১৮ কোটি মানুষের দাবি। সরকার যদি এসব দাবি মেনে না নেয়, তাহলে আজ ৮ দফা, কাল ৯ দফা, পরে ১০ দফা, পরে হবে ১ দফা।
শফিকুর রহমান প্রয়োজনে একদফা দাবি আদায়ে সবাইকে প্রস্তুত থাকার বিষয়ে বলেন, আমরা সরকারকে সময় দিচ্ছি, শুভ বুদ্ধির উদয় হোক। অন্যায় যে করে, আর অন্যায় যে সহে দুই-ই সমান অপরাধী। দাবি আদায় না হলে ঢাকায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে—আপনারা রাজি আছেন? আপনারা প্রস্তুত থাকবেন। আপনারা তো যাবেনই। সারা দেশের মুক্তিকামী মানুষদের নিয়ে নারী-পুরুষ সকলে ঢাকায় আসবেন। এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ।
এর আগে পথসভায় বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যজোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ হোসেনসহ অন্যরা।
ডিআর




Comments