Image description

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস এবং পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান। 

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ডে কুবি পরিবার গভীরভাবে শোকাহত ও স্তব্ধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শোক পালনের অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। স্থগিত হওয়া পরীক্ষাসমূহের নতুন সময়সূচি পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর মাধ্যমে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে।

সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩

এদিকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালিয়েছে পুলিশ। এখন পর্যন্ত ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন—তুহিন, আনাস এবং ফাহিম আহমেদ।

বিষয়টি নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজে অপ্রতিমের সঙ্গে তুহিনকে স্পষ্টভাবে দেখা গেলে প্রথমে তাকে আটক করা হয়। পরে তুহিনকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদকে আটক করা হয়। বর্তমানে তাদের নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে।

ফাহিম আহমেদকে আটকের বিষয়টি নিশ্চিত করে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক জানান, অন্য দুই অভিযুক্তকে আটকের ধারাবাহিকতায় ফাহিমকে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

এসএস