Image description

পটুয়াখালীতে অটোরিকশার সঙ্গে সংঘর্ষের পর বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে পটুয়াখালী সদর উপজেলার বসাক বাজারসংলগ্ন ধলু গাজীর মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের রাজ্জাক প্যাদার ছেলে কাইউম প্যাদা (৫০), চার আনি বাউরিয়া গ্রামের অনিল হাওলাদারের মেয়ে শিল্পী রানী (৪০), বদরপুর গ্রামের আব্দুস সালাম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৩৫) এবং বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের ধীরেন মিস্ত্রীর মেয়ে তিথী (২৩)।

নিহতদের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরগুনার তালতলী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমরান ট্রাভেলসের একটি বাস ধলু গাজীর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও অটোরিকশাটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে পৌঁছে উদ্ধার অভিযান চালান। প্রথমে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশের রেকার দিয়ে বাসটি উত্তোলনের পর খাদ থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, নিহত তিনজন অটোরিকশাটির যাত্রী ছিলেন। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। বাসের ভেতরে কেউ আটকে আছেন কি না এবং পানির মধ্যে আরও কোনো মরদেহ রয়েছে কি না, তা দেখতে অভিযান চালানো হয়। উদ্ধার অভিযান অব্যাহত আছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথমে তিনজনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিলেন। পরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

এসএস