Image description

জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় গৃহবধূ সাজেদা ইসলাম সাজু (৩৭) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক হাসিবুল হক এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকার আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ (২৭) এবং একই এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন (২৭)।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় ডা. পারভীনের পাঁচতলা ভবনের একটি ভাড়া বাসায় গৃহবধূ সাজেদা ইসলাম সাজুকে হত্যা করা হয়। পরে ওই বাসা থেকে হাত বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাজেদা ইসলাম সাজু ওই বাসায় ছোট মেয়ে আরিফাকে নিয়ে বসবাস করতেন। তাঁর স্বামী হাফিজুল ইসলাম জেলার বাইরে চাকরি করতেন। সাজেদার মেয়ে যে স্কুলে পড়াশোনা করত, সেই স্কুলে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন আবু সাঈদ। স্কুলে যাওয়া-আসার সূত্রে সাজেদার সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই সম্পর্কের জের ধরে আবু সাঈদ ও রাব্বী হোসেন সাজেদাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তাঁর মুখে কসটেপ লাগিয়ে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ঘটনার দুই দিন পর, ২৯ সেপ্টেম্বর, জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ আবু সাঈদ ও রাব্বী হোসেনকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, গ্রেপ্তারের পর তাঁরা আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জিয়াউর রহমান ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে সোমবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালত-১ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এসএ