কুষ্টিয়ায় একাদশ শ্রেণির ভর্তিতে অতিরিক্ত ফি আদায়, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জিম্মি করে নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কুষ্টিয়ায় ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২১ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলা প্রশাসকের নির্দেশনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে কুষ্টিয়া সরকারি কলেজ গেট সংলগ্ন এলাকার বিভিন্ন অনলাইন সার্ভিস ও ফটোকপির দোকানে এ তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, একাদশ শ্রেণির অনলাইন ভর্তি আবেদনকে কেন্দ্র করে কলেজ গেট এলাকার কিছু অসাধু ব্যবসায়ী দৃশ্যমান মূল্য তালিকা প্রদর্শন না করে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছিল। এমন সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পেয়ে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অনিয়ম ও অপরাধ স্বীকার করায় ৪টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো—স্টুডেন্ট প্লাস, তাহসিন কম্পিউটার, ফ্রেন্ডস কম্পিউটার এবং তনিমা এন্টারপ্রাইজ।
অভিযানকালে কুষ্টিয়া জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দোকান বা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে সেবা ও পণ্যের মূল্য তালিকা ঝুলিয়ে রাখা, সরকার নির্ধারিত ফি গ্রহণ করা এবং সেবাগ্রহীতাদের স্বচ্ছ ও ন্যায্য মূল্যে সেবা প্রদানের জন্য কঠোর নির্দেশ প্রদান করেন।
উক্ত তদারকিমূলক অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। এ সময় কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ এবং কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রপ্রতিনিধিগণ সক্রিয়ভাবে সহায়তা প্রদান করেন। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানে কুষ্টিয়া জেলা পুলিশের একটি চৌকস টিম উপস্থিত ছিল।
সহকারী পরিচালক মোঃ মাসুম আলী জানান, "শিক্ষার্থীদের জিম্মি করে অসাধু উপায়ে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না। ভোক্তা-অধিকার রক্ষা ও জনস্বার্থে আমাদের এ ধরনের তদারকিমূলক ও সতর্কতামূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"
ডিআর




Comments