চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল থেকে ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এর আগে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিক্ষোভে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও অংশ নেন। ছাত্রীদের আবাসিক হল রাত ৮টার দিকে বন্ধ হয়ে গেলেও উপাচার্য পুনর্বহালের দাবিতে রাত ১১টার দিকে অনেক ছাত্রী হল থেকে বের হয়ে মিছিলে যোগ দেন। পরে তারা শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিলটি স্বাধীনতা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা ঘুরে রাত ১২টার দিকে একই স্থানে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন।
সমাবেশে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, উপাচার্য ভবনে তালা দেওয়া হয়েছে। সায়েম স্যার ছাড়া আর কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না।
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী ইফাজ তাজোয়ার বলেন, দীর্ঘ সময় পর তারা একজন যোগ্য উপাচার্য পেয়েছিলেন। কোনো কারণ দর্শানো ছাড়াই তাঁকে অপসারণ করা হয়েছে। তিনি শিক্ষার্থীবান্ধব ছিলেন এবং একাডেমিকসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছেন। তাঁকে দ্রুত পুনর্বহাল করাই তাদের দাবি।
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় সোমবার তাঁকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদেই শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
এসএস




Comments