Image description

পটুয়াখালীর দশমিনায় পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় আদনান শুভ (৩৫) নামে ছাত্রদলের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আদনান শুভ উপজেলার সবুজবাগ এলাকার বাসিন্দা। তিনি উক্ত মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাউফল উপজেলার নিজ বটকাজল এলাকার মো. মশিউর রহমান (৪০) গত ৮ সেপ্টেম্বর দশমিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মামলায় আদনান শুভ ও মো. ওমর ফারুকসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়।

এজাহারে বাদী অভিযোগ করেন, গত ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে আসামিরা আরজবেগী এলাকার চৌধুরী বাড়ি সড়কের পাশে তাঁর ভাড়া বাসায় বেআইনিভাবে প্রবেশ করেন। এ সময় আসামিরা তাঁর স্ত্রীকে ভয়ভীতি ও হুমকি প্রদান করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেওয়া হয়।

পরদিন ৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামিরা অজ্ঞাতনামা আরও কয়েকজনকে সাথে নিয়ে পুনরায় বাদীর বসতঘরের সামনে গিয়ে তাঁকে মারধরের চেষ্টা চালান ও প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় বাদী প্রাণভয়ে সরে গিয়ে ডাক-চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে আসামিরা পুনরায় পাঁচ লাখ টাকা চাঁদা আদায়ের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় মো. মশিউর রহমান বাদী হয়ে দশমিনা থানায় মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩০৭, ৩৮৫, ৩৮৭ ও ৪০৬ ধারায় বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

এদিকে গ্রেপ্তারের পূর্বে অভিযোগের বিষয়ে আদনান শুভ জানান, বাদী মশিউর রহমানের সঙ্গে তাঁর ব্যবসায়িক লেনদেন ছিল এবং তিনি বাদীর কাছে টাকা পাওনা রয়েছেন। তবে পাওনা টাকা এড়াতে বাদী তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজি ও অন্যান্য মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেছেন বলে তিনি দাবি করেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, "এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।"

ডিআর