Image description

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিখোঁজের দুই দিন পর মো. ইসমাইল হোসেন (৭) নামের এক শিশুর বস্তাবন্দী মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৫নং ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. ইসমাইল হোসেন পৌরসভার ৫নং ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার মো. আকবর হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরবর্তীতে বস্তার ভেতরে শিশুর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খালের পানি থেকে বস্তাটি উদ্ধার করলে স্বজনেরা সেটি নিখোঁজ ইসমাইলের মরদেহ বলে শনাক্ত করেন।

শিশুটির পারিবারিকভাবে জানা যায়, গত রোববার (২০ সেপ্টেম্বর) ইসমাইল নিখোঁজ হয়। স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ওই দিনই বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী বলেন, ‘শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটিকে হত্যা করে মরদেহ গুম করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হবে। সন্দেহভাজন কয়েকজনকে থানাহেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ডিআর