Image description

দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা না করায় ডিপ্লোমা পর্যায়ের ৮৬টি বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী ৮৬টি প্রতিষ্ঠান গত তিন বছর ধরে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করেনি।

প্রতিষ্ঠানগুলোর পাঠদানের অনুমোদনের শর্তে বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানে টানা তিন বছর শিক্ষার্থী ভর্তি না হলে ওই প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল করা হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদানসংক্রান্ত নীতিমালা-২০২০-এর ৫.৪ বিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরিসহ পাঠদানের অনুমোদনের সময় দেওয়া বিভিন্ন শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড পাঠদানের অনুমতি বাতিল করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত তিন বছর ধরে শিক্ষার্থী ভর্তি না করায় সংযুক্ত তালিকায় থাকা ৮৬টি প্রতিষ্ঠানের ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত করা হতে পারে।

একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে আগামী ১ অক্টোবরের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের অবস্থান ও ব্যাখ্যা কারিগরি শিক্ষা বোর্ডের কাছে জমা দিতে হবে।

এসএস