নান্দাইলে আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল
ময়মনসিংহের নান্দাইলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নান্দাইল সদর ইউনিয়নের হেমগঞ্জ বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করে।
এ সময় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম মুন্সী, উপজেলা যুবদল নেতা ফজলুল হক ফজলু, যুবদল নেতা আল আমিন মর্তুজা, নূর উদ্দীন পলাশ, এনামুল, সোলায়মান, হাদিস ও তৌফিকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া নান্দাইল সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মো. সুমন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় বহন করা ব্যানারে লেখা ছিল— “নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কর্তৃক সারাদেশে নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদ।”
কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে যেকোনো ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
ডিআর




Comments