শালিখায় ১১০০ চিতল পোনা অবমুক্ত
জলজ জীববৈচিত্র্য রক্ষা ও দেশীয় মাছের উৎপাদন বাড়াতে মৎস্য অভয়াশ্রমে পোনা অবমুক্ত
জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন সুরক্ষা ও প্রাকৃতিক জলাশয়ে মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে মাগুরার শালিখা উপজেলায় ১ হাজার ১০০টি চিতল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন নির্ধারিত মৎস্য অভয়াশ্রমে ১০ থেকে ১১ ইঞ্চি আকারের এই বৃহদাকারের চিতল মাছের পোনা অবমুক্ত করা হয়।
'বায়োডাইভারসিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (B4RL) ইন দ্য মডিফাইড গ্যাঞ্জেস ডেল্টা অব বাংলাদেশ' প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এতে অর্থায়ন করেছে ঢাকার সুইডিশ দূতাবাস। পুরো কর্মসূচিটি সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের (সিএনআরএস) বাস্তবায়নে, শালিখা উপজেলা মৎস্য দপ্তরের কারিগরি সহযোগিতায় এবং শালিখা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।
উদ্যোগের অংশ হিসেবে উপজেলার ঐতিহ্যবাহী কানুদার খাল অভয়াশ্রম, ফটকি নদীর চুকিনগর এবং ভাটোয়াইল সংলগ্ন মৎস্য অভয়াশ্রমে এসব চিতল মাছের পোনা ছাড়া হয়।
সংশ্লিষ্ট আয়োজকরা জানান, বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও অবাধ বিস্তার নিশ্চিত করার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধিই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর আমিষের ঘাটতি পূরণ, পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ ও জীবিকার স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী, শালিখা উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি, সিএনআরএসের ফিল্ড ম্যানেজার সরোয়ার হোসেন এবং সাইট অফিসার মো. সাহিদুল ইসলাম।
এ ছাড়া স্থানীয় মঘি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফখরুদ্দিন মন্ডল, আড়পাড়া-চুকিনগর এলাকার সদস্য প্রদীপ মণ্ডল, রাজীব মন্ডল, আরাফাত বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, B4RL প্রকল্পটি সিএনআরএসের নেতৃত্বে বেলা (BELA), সেডিও (CEDIO) ও আইইউসিএনের (IUCN) অংশীদারিত্বে পরিচালিত হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে গাঙ্গেয় বদ্বীপের পরিবর্তিত পরিবেশে জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা টেকসই করার লক্ষ্যে নানা উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।
ডিআর




Comments