Image description

শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রকাশ্যে ঝটিকা মিছিল ও মহড়া দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। নিষিদ্ধ সংগঠনের এমন প্রকাশ্যে মিছিলে ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই মিছিলের ২ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সিসিটিভি ও ভাইরাল ভিডিওতে দেখা যায়, জাজিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা বেপারীর নেতৃত্বে প্রায় শতাধিক নেতা-কর্মী মিছিলে অংশ নেন।

মিছিল থেকে 'শেখ হাসিনার জন্মদিন, শুভ শুভ শুভ দিন' এবং 'শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে' সহ নানা ধরনের রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। মিছিলের ব্যানারে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের ছবি প্রদর্শিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হলেও জাজিরায় দলটির নেতা-কর্মীদের মাঝে মধ্যেই প্রকাশ্যে মিছিল ও গোপন তৎপরতা চালাতে দেখা যাচ্ছে। নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা প্রকাশ্যে ঢাকা-শরীয়তপুর মহাসড়ক দখল করে মহড়া দিলেও তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান ও কঠোর ভূমিকা না থাকায় জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাকারিয়া রহমান জানান, "আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। জাজিরা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা বেপারীর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাপ্ত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। শনাক্তের পর আসামিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"

ডিআর