Image description

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে ৮ জন জেলেকে নিয়ে একটি ফিশিং বোট মাছ আহরণের সময় সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে বোটটি সাগরে ভাসতে থাকে।

বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে ২৪ সেপ্টেম্বর বিকেলে ফিশিং বোটের এক জেলে মোবাইল ফোনে বোট মালিককে বিষয়টি জানান। পরে বোট মালিক বিষয়টি কোস্ট গার্ড পশ্চিম জোনকে অবহিত করেন।

খবর পেয়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল ফিশিং বোটসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়েছে। বর্তমানে ফিশিং বোটসহ উদ্ধারকৃত জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এসএ