Image description

ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ফুটবল দল। জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো (জিবিকে) স্টেডিয়ামে আয়োজিত এই রোমাঞ্চকর ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে ইংল্যান্ডে জন্ম নেওয়া ১৯ বছর বয়সী প্রতিশ্রুতিশীল উইঙ্গার ফারহান আলী ওয়াহিদের।

টুর্নামেন্টকে সামনে রেখে হেড কোচ থমাস ডুলি দলের স্কোয়াডে নতুন করে তিনজন প্রবাসী ফুটবলারকে অন্তর্ভুক্ত করেছিলেন। সান মারিনোর বিপক্ষে গত ৫ জুনের সবশেষ আন্তর্জাতিক ম্যাচের একাদশ থেকে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে একযোগে ৭টি পরিবর্তন এনেছেন এই অভিজ্ঞ কোচ। ৪-২-৩-১ ট্যাকটিক্যাল ছকে দল সাজিয়েছেন ডুলি।

গত ম্যাচের শুরুর একাদশে থাকা অধিনায়ক জামাল ভূঁইয়া ও তরুণ তারকা শেখ মোরসালিন আজ শুরুর একাদশে স্থান পাননি। এছাড়া তপু বর্মণ, ঈসা ফয়সাল, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিক চূড়ান্ত ২৩ জনের স্কোয়াডেই জায়গা পাননি। এমনকি গোলবারের দায়িত্বেও এসেছে পরিবর্তন; সান মারিনো ম্যাচে পোস্ট সামলানো মিতুল মারমার স্থলাভিষিক্ত হয়ে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

মাঝমাঠে হামজা চৌধুরীর সাথে দায়িত্ব সামলাচ্ছেন সোহেল রানা ও সমিত সোম। দলের অধিনায়কত্বের আর্মব্যান্ড উঠেছে সোহেল রানা সিনিয়রের হাতে। আক্রমণভাগে ডেবিউট্যান্ট ফারহান আলী ওয়াহিদ ও ফাহামিদুল ইসলামের সাথে সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলছেন রাকিব হোসেন।

মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান শ্রাবণ (গোলকিপার), সাদ উদ্দীন, তারিক কাজী, শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র (অধিনায়ক), সমিত সোম, ফারহান আলি ওয়াহিদ, ফাহামিদুল ইসলাম, রাকিব হোসেন।

ডিআর