Image description

চাঁদপুরের মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে সিফাত নামে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ছেংগারচর পৌরসভার উত্তর শিকিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত ওই গ্রামের বেড়িবাঁধের ভেতরের বাসিন্দা ফারুক প্রধানের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে দীর্ঘ সময় সিফাতকে দেখতে না পেয়ে স্বজনরা বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখেন তারা। এতে সন্দেহ হলে পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা।
পরে পুকুরের পানি থেকে সিফাতকে উদ্ধার করে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিফাতের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও শোকের সৃষ্টি হয়েছে।
এসএ