Image description

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় হলরুমে আগৈলঝাড়া উপজেলা বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

আয়োজিত সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ বখতিয়ার, সরোয়ার হোসেন মিয়া, সঞ্জয় গুপ্ত, আবুল হোসেন মোল্লা ও এনায়েত খান মনুসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, মহিলা দলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি বলেন, ‘‘এ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। দলীয়ভাবে বিএনপি যাকেই সমর্থন দেবে, দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষেই মাঠে কাজ করতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘এক্ষেত্রে কোন নেতার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয়টি মন থেকে মুছে ফেলে দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সাংগঠনিকভাবে কাজ করার জন্য সভায় উপস্থিত নেতা-কর্মীদেরকে অনুরোধ জানানো হয়।’’

ডিআর