Image description

ময়মনসিংহের হালুয়াঘাটে জামে মসজিদের একটি গভীর নলকূপ স্থাপনের সময় মাটির গভীর থেকে প্রচণ্ড চাপে গ্যাসের মতো পদার্থ নির্গমনের ঘটনা ঘটেছে। হঠাৎ এ ধরনের ঘটনা ঘটে যাওয়ায় স্থানীয়দের মাঝে চরম কৌতূহল ও আতঙ্ক দেখা দিয়েছে। তবে নির্গত পদার্থটি বাসাবাড়িতে ব্যবহৃত প্রকৃত প্রাকৃতিক গ্যাস কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলার ৩ নম্বর কৈচাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব দর্শাপাড়া গ্রামে ঘটে এই ঘটনা।

স্থানীয় সূত্রে জানা যায়, দর্শা নদীর পাড়ে অবস্থিত একটি জামে মসজিদের জন্য গত কয়েক দিন যাবৎ গভীর নলকূপ স্থাপনের কাজ চলছিল। মাটির গভীরে পাইপ বসানোর একপর্যায়ে হঠাৎ মাটি ফুঁড়ে নিচ থেকে বুদবুদ আকারে গ্যাসের মতো পদার্থ বের হতে থাকে। বিষয়টি জানাজানি হলে আশপাশের কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

স্থানীয় বাসিন্দা শেখ ফরিদ জানান, নলকূপ স্থাপনের সময়ে নিচ থেকে অনবরত বুদবুদ বের হতে দেখে সেখানে আগুন জ্বালিয়ে পরীক্ষা করা হয় এবং তাৎক্ষণিক আগুন ধরে যায়। পরবর্তীতে প্রশাসনকে খবর দিলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দলনেতা মানিক মিয়া জানান, অনেক সময় মাটির নিচে পচনশীল জৈব পদার্থ বা বর্জ্যের স্তূপ জমা হয়ে ‘মিথেন গ্যাস’ তৈরি হতে পারে। সাধারণত এ ধরনের গ্যাসের চাপ নির্দিষ্ট সময় পর কমে আসে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ। পরিদর্শনকালে তাঁর সাথে ছিলেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজী এবং ফায়ার সার্ভিসের একটি বিশেষজ্ঞ দল।

পরিদর্শন শেষে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানটিতে লাল ফিতা ও বাঁশের বেষ্টনী দিয়ে সাময়িকভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছেন ইউএনও। একই সাথে আতঙ্কিত না হয়ে স্থানীয় অধিবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ইউএনও ফয়সল আহমেদ জানান, গত শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।