Image description

নরসিংদীর মনোহরদীতে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও সরকারি সম্পত্তি পুনরুদ্ধারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। গত জুন, জুলাই ও আগস্ট—এই তিন মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে দখলকৃত ৫৭.৩২ শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন আইনে ২১টি মামলায় আসামিদের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অপরাধের ধরন অনুযায়ী তিন ধরনের আইনে এসব ব্যবস্থা নেওয়া হয়। মাদকের বিস্তার রোধে পরিচালিত ১৮টি মামলায় ১৮ জন আসামিকে বিভিন্ন মেয়াদে মোট ২ হাজার ৬৭০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া জনস্বাস্থ্য সুরক্ষায় কসমেটিকস ও ওষুধসংক্রান্ত দুটি মামলায় মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। দণ্ডবিধির আওতায় করা একটি মামলায় একজন আসামিকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’-এর আওতায় উপজেলার বড়চাপা ও গোতাশিয়া এলাকায় আদালতের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ দখলে থাকা ৫৭.৩২ শতাংশ খাসজমি উদ্ধার করে উপজেলা ভূমি প্রশাসন।

অভিযানের বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, “উপজেলায় আইনশৃঙ্খলা বজায় রাখা, মাদক ও ভেজালের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং সরকারি সম্পত্তি রক্ষায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এসএ