জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাবে: প্রতিমন্ত্রী নূর
‘জামায়াতে ইসলামী অতীতে আওয়ামী লীগের সঙ্গে কাজ করেছে এবং বিএনপি সরকারের বিরুদ্ধেও আন্দোলন করেছে। কারণ, জামায়াতের এখন ক্ষমতায় যাওয়ার এক তীব্র উচ্চাভিলাষ তৈরি হয়েছে’—এমন মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
তিনি বলেন, ‘আমাদের সচেতন তরুণ ও প্রগতিশীল সমাজকে এটি গুরুত্বের সঙ্গে মাথায় রাখতে হবে। জামায়াতের উত্থান মানে দেশকে একটি ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের অস্তিত্বকে এক গভীর সংকটের মুখে ফেলা।’ এ সময় জামায়াত-শিবিরের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানান তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে নুরুল হক নূর বলেন, ‘একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার সবেমাত্র সাড়ে ছয় মাসের মতো দায়িত্ব পালন করছে। এই সরকারের বিরুদ্ধে বিরোধী দল যদি এখন লংমার্চ কর্মসূচি দেয়, তবে এর সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্টরা পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে।’
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে তিনি আরও বলেন, ‘দুর্বৃত্ত ও পতিত ফ্যাসিস্টরা এখন বিরোধী দলগুলোর সঙ্গে সুর মিলিয়ে বলছে যে ডিসেম্বরে তারা সরকার পতন করবে। অর্থাৎ একদিকে ফ্যাসিস্টরা বলছে, অন্যদিকে বিরোধী দলের কিছু অংশ—যারা গোপনে রাজনীতি করছে, তারাও একই সুরে কথা বলছে।’
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘সালমান মুক্তাদির আমাদের একজন সৃষ্টিশীল তরুণ কনটেন্ট ক্রিয়েটর। সারাদেশে তার বিপুলসংখ্যক তরুণ অনুরাগী রয়েছে। দেশের মানুষ ও তরুণ সমাজ যে তার পাশে রয়েছে, সাম্প্রতিক ঘটনায় প্রাপ্ত সংহতি ও সমবেদনাতেই তা স্পষ্ট।’
এ ছাড়া বক্তব্যে রাজধানীর মিরপুরের একটি ক্লিনিকে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
ডিআর




Comments