Image description

‘সুন্দরবনে বিষ দিয়ে যারা মাছ শিকার করে তারা দেশের ও সমাজের চরম শত্রু’—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মোংলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত শিক্ষা সামগ্রী ও বিভিন্ন সামাজিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় উপজেলা সমূহের উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ থেকে মোংলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অসহায়-হতদরিদ্র ব্যক্তি এবং প্রতিবন্ধীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সুন্দরবন রক্ষায় কঠোর বার্তা দেওয়ার পাশাপাশি সামাজিক ও নৈতিক মূল্যবোধ নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যারা নামাজ পড়েও মিথ্যা কথা বলে এবং  গুজব ছড়ায় তাদের উপর আল্লাহর গজব পড়বে।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি মো. অব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু হোসাইন পনি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা এবং উপজেলা প্রকৌশলী নাবিদুল হাসান। এ ছাড়া উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সুবিধাভোগী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য টেবিল ও সিলিং ফ্যান এবং অসহায় হতদরিদ্রদের মাঝে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, সেলাই মেশিন, ভ্যানগাড়ি ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। একই সঙ্গে বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার হস্তান্তর করেন প্রতিমন্ত্রী।

ডিআর