Image description

বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে নওগাঁয় অভ্যন্তরীণ সব রুটে আকস্মিক বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। এতে নওগাঁ-রাজশাহীসহ একাধিক রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে গিয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাঁদের, সেই সঙ্গে নষ্ট হচ্ছে বাড়তি সময়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে সকাল থেকেই বাসস্ট্যান্ডে এসে সাধারণ যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়।

পরিবহন শ্রমিক ও বাস মালিকদের সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে অটোরিকশাচালক (সিএনজি) ও বাসশ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধের সূত্রপাত হয়। পরে এর জেরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধরের অভিযোগ ওঠে অটোরিকশাচালকদের বিরুদ্ধে।

মারধরে গুরুতর আহত চালক রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ হামলার প্রতিবাদেই রোববার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা।

বাস চলাচল বন্ধ থাকায় কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও রোগীসহ জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সাপাহার থেকে আদালতে মামলার হাজিরা দিতে নওগাঁয় আসা আফসার আলী জানান, বাস বন্ধ থাকায় তাঁকে কয়েক দফায় ব্যাটারিচালিত অটোরিকশা পরিবর্তন করে শহরে আসতে হয়েছে। এতে স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ভাড়া এবং প্রায় দেড় ঘণ্টা বেশি সময় লেগেছে।

অন্যদিকে নওগাঁ শহর থেকে মান্দার ফেরিঘাটে যাওয়ার জন্য বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে আসা রফিকুল ইসলাম বলেন, বাসে যেখানে ৫০ টাকা ভাড়া লাগে, সেখানে বিকল্প যানবাহনে তাঁকে প্রায় ৭০ টাকা গুণতে হচ্ছে।

বাস মালিক এনামুল হক বলেন, অটোরিকশায় যাত্রী ওঠানো নিয়ে বাসচালকের সঙ্গে কথাকাটাকাটির জেরে পত্নীতলার নজিপুরে বাসচালক ও সুপারভাইজারকে মারধর করা হয়। এর প্রতিবাদেই শ্রমিকরা অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন।

তিনি আরও বলেন, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অটোরিকশায় যাত্রী নিয়ে শহরের বাইরে চলাচলের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এরপরও অনেক অটোরিকশা শহর ও আঞ্চলিক মহাসড়কে যাত্রী পরিবহন করছে বলে তাঁদের অভিযোগ। এ নিয়ে বাসশ্রমিকদের সঙ্গে প্রায়ই বিরোধ হচ্ছে। আঞ্চলিক মহাসড়কে অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের কারণে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে বলে তিনি দাবি করেন।

পরিবহন শ্রমিকদের এই অভিযোগ ও অটোরিকশা চলাচল নিয়ে বিরাজমান বিরোধের স্থায়ী সমাধান না হলে এ ধরনের পরিস্থিতি আবারও তৈরি হতে পারে বলে মনে করছেন সচেতন সংশ্লিষ্টরা।

ডিআর