বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদী থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির মস্তকবিহীন ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মানসা এলাকা সংলগ্ন ভৈরব নদী থেকে গলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পথচারীরা ভৈরব নদীতে এক পুরুষের মাথাছাড়া মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে মরদেহটি তীরে তোলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি রূপসা নদী সংলগ্ন এলাকা থেকে জোয়ারের পানিতে ভাসতে ভাসতে ফকিরহাট সীমান্ত এলাকায় চলে আসে। ভৈরব নদীতে মস্তকবিহীন ভাসমান মরদেহের খবর ছড়িয়ে পড়লে উৎসুক হাজারো মানুষ নদীর দুই তীরে ভিড় জমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, “ভৈরব নদী থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীর দেখে ধারণা করা হচ্ছে এটি ৩-৪ দিন আগের পুরোনো মরদেহ, কারণ এতে ব্যাপকভাবে পচন ধরেছে।”
তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তকরণে নৌ পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডিকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছানোর পর দ্রুত শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হবে। এছাড়া প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ডিআর




Comments