চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ স্ক্র্যাপসহ সাত চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। একই সঙ্গে একটি কার্গো বোট থেকে আনুমানিক ৩৩ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি লোহার স্ক্র্যাপ এবং ২০ হাজার কেজি পুরাতন ব্যাটারি স্ক্র্যাপ জব্দ করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পতেঙ্গা থানাধীন সি-বিচ সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পরিচালিত অভিযানে সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ স্ক্র্যাপসহ চোরাচালান চক্রের সাত সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, মিয়ানমার থেকে ফিশিং বোটের মাধ্যমে সমুদ্রপথে এসব স্ক্র্যাপ অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল। পরবর্তীতে কার্গো বোটে রূপান্তর করে তা কর্ণফুলী চ্যানেল দিয়ে ভেতরে প্রবেশের পরিকল্পনা ছিল তাদের।
জব্দকৃত স্ক্র্যাপ, চোরাচালানে ব্যবহৃত কার্গো বোট এবং আটক সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। সমুদ্রপথে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিআর




Comments