Image description

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় বিআরটি উড়ালসড়কে দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের চাপায় পিষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সড়ক দুর্ঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়মনসিংহে পারিবারিক বিয়ের অনুষ্ঠান শেষ করে টঙ্গীর ভাড়া বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে টঙ্গী বিআরটি উড়ালসড়কের স্টেশন রোড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ময়মনসিংহের মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া গ্রামের মো. চান মিয়ার স্ত্রী আয়েশা খাতুন (৪৫) এবং তাঁর ছেলে ইয়াছিন (২২)। দুর্ঘটনায় আহত ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) বর্তমানে চিকিৎসাধীন।

নিহত আয়েশার স্বামী মো. চান মিয়া জানান, মুক্তাগাছার গ্রামের বাড়িতে এক নিকটাত্মীয়ের বিয়ে শেষে রোববার বিকেলে তারা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। পথিমধ্যে 'আলম এশিয়া পরিবহণে' চড়ে তারা টঙ্গী স্টেশন রোড এলাকার বিআরটি উড়ালসড়কে নামেন। পরবর্তীতে আয়েশা, ইয়াছিন ও আরজিনা উড়ালসড়ক সংলগ্ন ফুটপাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় গাজীপুর থেকে ঢাকাগামী একটি অনিয়ন্ত্রিত দ্রুতগতির কাভার্ডভ্যান সরাসরি তাঁদের ওপর উঠে যায়।

এতে তিনজনই রক্তাক্ত ও গুরুতর আহত হন। এ সময় উপস্থিত জনতা ঘাতক কাভার্ডভ্যানসহ চালককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, পুলিশ হাসপাতাল থেকে নিহত মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডিআর