সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ২১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. হারুন সিকদার (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ১০ নম্বর পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ এলাকার দিঘীরপাড় জালাল মুহরীর বাড়ির সামনের ইটসলিং রাস্তা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মো. হারুন সিকদার উপজেলার ইসলামপুর গ্রামের মৃত মো. সিরাজের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) ফায়াজ উদ্দিনের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ কুমার দাসসহ পুলিশের একটি দল উক্ত এলাকায় অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ভেতরে থাকা ২১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, অবৈধ মাদক পরিবহনের দায়ে আটক ব্যক্তির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ডিআর




Comments