Image description

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে পালিয়ে গেছে রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের নাওজোড় এলাকায় এ ঘটনা ঘটে।

কারাগার সূত্রে জানা গেছে, আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে নাওজোড় এলাকায় পৌঁছালে সে প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে যাওয়ার সুযোগ চায়। দায়িত্বে থাকা পুলিশ সদস্য তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে নাওজোড় এলাকায় শৌচাগারে যাওয়ার সুযোগ নিয়ে পিচ্চি রাজা পালিয়ে গেছে।

রাজা ওরফে পিচ্চি রাজার বাবার নাম মোতালেব। সে ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বসবাস করত। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সে মোহাম্মদপুর এলাকার মাদক কারবারের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।

এসএস