Image description

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিকদল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মোর্শেদ আজম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “পলাতক শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং সন্ত্রাস সৃষ্টির পরিকল্পনা করছে। আমরা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেবো না।”

বক্তারা আরও উল্লেখ করেন, শুধু বিদেশেই নয় দেশের ভেতরেও কিছু গোষ্ঠি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করছে কোনভাবে ষড়যন্ত্র আমরা সফল হতে দেবো না।

ডিআর