Image description

ঢালিউড সুপারস্টার শাকিব খান ছেলে আব্রাম খান জয়ের জন্মদিন উদযাপন করেছেন। বাবার সঙ্গে জন্মদিনের কেক কাটার আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে জয়ের ফেসবুক পেজে। ভিডিওর সঙ্গে বাবাকে নিয়ে আবেগঘন বার্তাও দিয়েছে জয়।

বার্তায় জয় লিখেছে, ‘পাপা, আমাকে সব সময় এভাবে আদর করো। তোমার ভালোবাসায় আমি যেন অনেক বড় হতে পারি।’

গত ২৭ সেপ্টেম্বর ছিল আব্রাম খান জয়ের জন্মদিন। ছেলের জন্মদিনের প্রথম প্রহরে আবেগঘন শুভেচ্ছা জানান মা অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

ছেলের বিশেষ দিনে শুভেচ্ছা জানান বাবা শাকিব খানও। সামাজিক যোগাযোগমাধ্যমে কালো কোট ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্মগ্রহণ করে শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। এর আগে ২০০৮ সালে বিয়ে করেন এই তারকা জুটি। তবে ক্যারিয়ারের কথা বিবেচনা করে দীর্ঘদিন নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন তাঁরা।

পরবর্তী সময়ে ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। এরপর থেকেই শাকিব-অপুর সন্তান জয়কে ঘিরে ভক্তদের আগ্রহ বাড়তে থাকে। সময়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও জনপ্রিয় হয়ে ওঠে তারকা দম্পতির এই সন্তান।

এসএস