Image description

পরিকল্পিত সন্ত্রাস ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলীর সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিল্টু চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলমসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে নানা ধরনের সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা যেকোনো মূল্যে এ ধরনের ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দেন।

এ সময় দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানান বক্তারা।

এসএ