উৎসবমুখর পরিবেশে ২৯ বিজিবির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন সীমান্ত রক্ষার পাশাপাশি অপারেশনাল ও প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে আসছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও খেলাধুলায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে বিজিবি ও সাধারণ মানুষের মধ্যে প্রশংসা অর্জন করেছে। প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে এ পর্যন্ত ব্যাটালিয়নের সাফল্য ও উন্নয়নে যারা অবদান রেখেছেন, তাদের তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক আরিফ উজ্জামানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া পরিচালক (লজিস্টিক), রংপুর রিজিয়ন, অতিরিক্ত পরিচালক (অপারেশন), দিনাজপুর সেক্টর, জয়পুরহাট ও দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার সদস্য ও অসামরিক কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এসএ




Comments