টুঙ্গিপাড়ায় প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ পোনা অবমুক্তকরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ ভবন সংলগ্ন পুকুরে পোনা ছাড়ার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকার নির্ধারিত মোট ১৫টি প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে এই মাছের পোনা অবমুক্ত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ উদ্যোগের ফলে স্থানীয় জলাশয়গুলোতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির শেখসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানানো হয়, সরকারি রাজস্ব বাজেটের সার্বিক নির্দেশনায় গ্রামীণ অর্থনীতি জোরদার ও মৎস্য চাষে উৎসাহ জোগাতে উপজেলার অন্যান্য জলাশয়েও এ ধরণের সংরক্ষণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
ডিআর




Comments