সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব, আধঘণ্টার মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য জরুরি ভিত্তিতে তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউর পক্ষ থেকে দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই সংক্রান্ত একটি বিশেষ চিঠি পাঠানো হয়। ইতিমধ্যে বেশ কয়েকটি ব্যাংক চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বিএফআইইউর পাঠানো চিঠিতে আদেশ পাওয়ার মাত্র আধঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের পরিচালনাধীন সকল ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি (KYC) নথি এবং শুরু থেকে বর্তমান পর্যন্ত সার্বিক লেনদেন বিবরণী প্রস্তুত করে গোয়েন্দা সংস্থায় পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি এই কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর বিতর্ক ও উত্তেজনার আবহেই বিএফআইইউর পক্ষ থেকে এ পদক্ষেপ এল। গত শনিবার গভীর রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার 'নিউ গিনি প্রপার্টিজ' হাউজিং কমপ্লেক্সের ভেতরে অবস্থিত সালমানের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার পরপরই এক ফেসবুক লাইভে এসে তিনি রাজনৈতিক দলীয় সদস্যদের ওপর দায় চাপিয়ে চাঁদাবাজির অভিযোগ তোলেন। যদিও লাইভে তিনি পরবর্তীতে স্বীকার করেন, সরাসরি কেউ তাঁর কাছে চাঁদা দাবি করেনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশের পক্ষ থেকে অবশ্য চাঁদাবাজির এই দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জের ধরে ঐ কমপ্লেক্সে গোলযোগের সময় সালমানের স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়, তবে হামলাকারীদের মূল লক্ষ্যবস্তু তাঁর স্টুডিও ছিল না। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও উক্ত ঘটনায় দলীয় সংশ্লিষ্টতার অভিযোগকে সম্পূর্ণ 'ঢালাও' বলে মন্তব্য করেন।
এমন মুখোমুখি রাজনৈতিক ও সামাজিক টানাপোড়েনের মধ্যেই আর্থিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তড়িঘড়ি তলব করার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ডিআর




Comments