Image description

গাইবান্ধায় এক গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ও পর্নোগ্রাফি ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. জাহাঙ্গীর হাসান (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এসআরবির মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীর হাসান ওই গৃহবধূর গোসলের দৃশ্য গোপনে মোবাইল ফোনে ধারণ করেন। পরে তা ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন। ভুক্তভোগী ও তার স্বামী পোস্টটি মুছে ফেলার অনুরোধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে আরও অশ্লীল ছবি পোস্ট করার হুমকি দেন।

গত ৩ জুলাই দুপুর পৌনে ১টার দিকে অভিযুক্তের ব্যবহৃত নম্বর থেকে ওই গৃহবধূর মোবাইল ফোনে কল করে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে ছবিগুলো অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

পরে ভুক্তভোগীর স্বামী ৯ জুলাই গাইবান্ধা সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন। মামলা নম্বর ১৮। মামলা হওয়ার পর অভিযুক্ত আত্মগোপনে চলে যান।

জাহাঙ্গীরকে গ্রেফতারে এসআরবি ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এর ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে এসআরবি-১৩ (সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প) ও এসআরবি-১ (সিপিএসসি, উত্তরা, ঢাকা)-এর একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পূর্ব থানার উত্তরা সরকারি অফিসার্স কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার জাহাঙ্গীর হাসান গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

গ্রেফতারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জাহাঙ্গীর হাসানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এনএ