ফটকি নদীতে সচেতনতামূলক আয়োজন
‘বন, নদী, পানি নেই তো জীবন নেই’
‘বন, নদী, পানি নেই তো জীবন নেই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস ২০২৬ উপলক্ষে মাগুরার ফটকি নদীতে পরিচ্ছন্নতা অভিযান, সাঁতার প্রতিযোগিতা ও নারীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মাগুরা সদর উপজেলার কৃষ্ণরামপুর (কেচুয়াডুবি) এলাকায় দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। নদী ও জলজ পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) আয়োজিত কর্মসূচিটি Biodiversity for Resilient Livelihoods (B4RL) in the Modified Ganges Delta of Bangladesh প্রকল্পের আওতাভুক্ত। এতে অর্থায়ন করে সুইডিশ দূতাবাস, ঢাকা, বাংলাদেশ। সার্বিক সহযোগিতায় ছিল মাগুরা সদর ও শালিখা উপজেলা মৎস্য দপ্তর।
কর্মসূচির অংশ হিসেবে নদী ও খালের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এর মাধ্যমে স্থানীয়দের মধ্যে নদী, পানি ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি ফটকি নদীতে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার গ্রহণ করেন প্রান্ত।
এ ছাড়া নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নদী, পানি, পরিবেশ ও জীববৈচিত্র্যবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মাধ্যমে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে নদী রক্ষার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে শালিখা উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী, মাগুরা জেলা মৎস্য কর্মকর্তা সাধন চন্দ্র সরকার, শালিখা উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি, সাইট অফিসার মো. সাহিদুল ইসলাম, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নদী ও জলাশয় রক্ষা ছাড়া টেকসই জীবন-জীবিকা ও জীববৈচিত্র্য সংরক্ষণ সম্ভব নয়। নদীকে দূষণ ও দখলমুক্ত রাখার পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশ্ব নদী দিবসের এ আয়োজন থেকে নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে। নদী শুধু পানির প্রবাহ নয়; নদীকে ঘিরেই টিকে আছে মানুষের জীবন, জীবিকা ও প্রকৃতির বৈচিত্র্য। তাই নদী রক্ষার দায়িত্ব সবার।
এনএ




Comments