Image description

ঝিনাইদহের কালীগঞ্জে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ মোটরসাইকেলে বৈশাখী তেল পাম্পের সামনে থেকে অফিসে যাচ্ছিলেন। পথে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে একটি ইজিবাইকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী আব্দুস সামাদ ও ইজিবাইকচালক নুর হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষণা করেন। আহত ইজিবাইকচালক নুর হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএ