Image description

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে মানুষের জীবন রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে নাটোরের সিংড়ায় তালের চারা রোপণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

স্কয়ার ক্রপ কেয়ার বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় সিংড়া উপজেলার রাতাল বাজার-কুমগ্রাম বাজার সংযোগ সড়কের দুই পাশে ২০০টি তালের চারা রোপণ করা হয়।

এর আগে পাবনার চাটমোহর উপজেলায় ৫০০টি তালের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় সিংড়ায় চারা রোপণের পাশাপাশি খোলা মাঠে কাজ করা স্থানীয় কৃষকদের বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে সচেতন করতে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ঝড়, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ নিত্যসঙ্গী। সাম্প্রতিক সময়ে বজ্রপাতও মারাত্মক আকার ধারণ করেছে, যাতে প্রতিবছর অসংখ্য মানুষের প্রাণহানি ঘটছে। বিশেষ করে খোলা মাঠে কাজ করা কৃষকদের মধ্যে বজ্রপাতে প্রাণহানির ঝুঁকি বেশি।

বক্তারা আরও বলেন, কৃষক সমাজকে বজ্রপাতের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষায় তালের চারা রোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যেই স্কয়ার ক্রপ কেয়ার সামাজিক ও পরিবেশবান্ধব এ উদ্যোগ গ্রহণ করেছে।

প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা জানান, দেশের অন্যান্য বজ্রপাতপ্রবণ এলাকাতেও তালের চারা রোপণের এ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আলোচনা সভা ও চারা রোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাটোর খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক কল্যাণ প্রসাদ পাল, সিংড়া উপজেলার এসএপিপিও কার্তিক সরকার রায়, স্কয়ার ক্রপ কেয়ারের ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, জোনাল সেলস ম্যানেজার মো. মুরাদ হোসেন, নাটোরের ফিল্ড সেলস ম্যানেজার মো. আমিনুল ইসলাম, এসডিও মো. নুর আলম, জামতলী বাজারের ব্যবসায়ী মো. বাবলু মিয়া এবং রাতাল বাজারের ব্যবসায়ী মো. মেহেদী হাসান (সবুজ)।

এসএ