Image description

রাজশাহীতে বসছে আন্তর্জাতিক টেনিসের আসর। স্বাগতিক বাংলাদেশসহ ১০ দেশের শতাধিক তরুণ খেলোয়াড়ের অংশগ্রহণে আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৬। ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে ১০ অক্টোবর পর্যন্ত। রাজশাহী টেনিস কমপ্লেক্সে বসতে যাওয়া এই আসরে দেশের তরুণ টেনিস খেলোয়াড়দের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, জাপান, চীন, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের প্রতিশ্রুতিশীল খেলোয়াড়েরা নিজেদের দক্ষতা তুলে ধরবেন।

শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজকেরা। লিখিত বক্তব্য পাঠ করেন টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু। স্বাগত বক্তব্য দেন মিডিয়া কমিটির আহ্বায়ক ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন।

৪ অক্টোবর বাছাই, ৫ অক্টোবর মূল পর্ব

আয়োজকেরা জানান, আগামী ৪ অক্টোবর কোয়ালিফাইং রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। পরদিন ৫ অক্টোবর সকাল ৯টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে মূল পর্বের খেলা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর উপস্থিত থাকার কথা রয়েছে। ১০ অক্টোবর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহযোগিতায় প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে রাজশাহী টেনিস কমপ্লেক্স।

অংশ নিচ্ছে ১০ দেশের খেলোয়াড়

আয়োজকদের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও ভারত, থাইল্যান্ড, চাইনিজ তাইপে, হংকং, নেপাল, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন।

বালকদের মধ্যে র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন থাইল্যান্ডের লিকুল পাটচারাফুল। তাঁর আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাংকিং ১ হাজার ৫৯। বালিকাদের মধ্যে শীর্ষ র‌্যাংকিংয়ের খেলোয়াড় ভারতের শেখ শাজফা। তাঁর আইটিএফ বিশ্ব জুনিয়র র‌্যাংকিং ২ হাজার ৪৫।

বালক ও বালিকা এককে ৩২ জন করে খেলোয়াড়ের ড্র থাকবে। এর মধ্যে আটজন করে কোয়ালিফাইং রাউন্ড এবং চারজন করে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে মূল পর্বে জায়গা পাবেন। রাজশাহী থেকে মোট পাঁচজন খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নেবেন। এর মধ্যে মেইন ড্রয়ে খেলবেন রাকিন রহমান ও বকুল আলী। বালক ও বালিকা দ্বৈত ইভেন্টে থাকবে ১৬টি করে ড্র।

থাকছে বিদেশিদের জন্য বিশেষ ব্যবস্থা

টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু জানান, বিদেশি খেলোয়াড়, কোচ, অভিভাবক ও কর্মকর্তাদের থাকার জন্য রাজশাহী পর্যটন মোটেল, হোটেল এক্স ও গ্র্যান্ড রিভার ভিউ নির্ধারণ করা হয়েছে। এসব আবাসন থেকে টেনিস কমপ্লেক্সে যাতায়াতের জন্য সার্বক্ষণিক দুটি মাইক্রোবাসের ব্যবস্থা রাখা হয়েছে।

দর্শকদের জন্য প্রতিযোগিতার খেলা দেখায় কোনো প্রবেশমূল্য রাখা হয়নি। শিশু-কিশোরদের টেনিসের প্রতি আগ্রহ বাড়াতে রাজশাহী মহানগরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঠে এসে খেলা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আয়োজকেরা।

আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ

আয়োজকেরা বলেন, এই আন্তর্জাতিক প্রতিযোগিতার মাধ্যমে রাজশাহীতে টেনিসের প্রসারের পাশাপাশি দেশি-বিদেশি তরুণ খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। প্রতিযোগিতা সফল করতে পরিচালনা কমিটির সদস্যরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন।

টুর্নামেন্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত হোয়াইট ব্যাজ রেফারি ভারতের জয় মুখার্জি। তিনি বলেন, রাজশাহীতে এই আন্তর্জাতিক জুনিয়র টেনিস টুর্নামেন্টের অংশ হতে পেরে তিনি আনন্দিত। এটি তাঁর দশম টুর্নামেন্ট উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক নিয়ম ও শৃঙ্খলা মেনে প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশসহ বিভিন্ন দেশের তরুণ খেলোয়াড়দের জন্য এই প্রতিযোগিতা ভালো অভিজ্ঞতা এবং নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ তৈরি করবে।

প্রেস ব্রিফিংয়ে জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, মিডিয়া কমিটির সদস্য ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য শ.ম. সাজু, পরিচালনা কমিটির সদস্য আক্কাস আলী এবং রাজশাহী টেনিস কমপ্লেক্সের সিনিয়র সদস্য মনোয়ার হোসেন বিদ্যুৎ উপস্থিত ছিলেন।

এসএ