শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের প্রায় ছয় ঘণ্টা পর মো. সোয়াইব নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রাসেল শিকদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাসন এলাকার একটি বাড়ির পেছনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সোয়াইব ওই এলাকার সেলিম সরদার ও শিমুলি দম্পতির সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭ টার দিকে বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সোয়াইব। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে অভিযান চালান। একপর্যায়ে পশ্চিম আদাসন এলাকার আবু আলম শিকদারের বসতঘরের পেছনের ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির পরিবারের অভিযোগ, প্রতিবেশী আবু আলম শিকদারের পরিবারের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় তাদের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জেরে শিশুটিকে হত্যা করে বস্তাবন্দী অবস্থায় ডোবায় ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়দের একটি অংশ আবু আলমের বাড়িতে অগ্নিসংযোগ করে বলে জানা গেছে।
শিশুটির বাবা সেলিম সরদার বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে আমার মায়ের সঙ্গে প্রতিবেশী আবু আলমের ঝগড়া হয়। রাতে মা আমাকে বিষয়টি জানান। শনিবার সকালে আমি বাজারে গেলে পরে বাড়িতে এসে দেখি আমার সন্তান নেই। এরপর থানায় গিয়ে জিডি করি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খোঁজাখুঁজি করে আবু আলমের বাড়ির পেছনের ডোবা থেকে আমার ছেলের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেন। আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।’
এদিকে ঘটনার পর অভিযুক্ত পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন বলেন, ‘সকালে একটি শিশু নিখোঁজ হওয়ার খবর পাই। পরে শিশুটির বাবা জিডি করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে শিশুটির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে রাসেল শিকদার নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ




Comments