ফকিরহাটে চিত্রা নদীর ঐতিহ্যবাহী নৌকা বাইচ, উৎসুক মানুষের ঢল
বাগেরহাটের ফকিরহাটে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কাঁঠালবাড়ী সংলগ্ন চিত্রা নদীতে গ্রামবাংলার আবহমান ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মূলঘর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত চিত্রা নদীর বুকে এই রোমাঞ্চকর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লোকজ সংস্কৃতির এই প্রাচীনতম ঐতিহ্য উপভোগ করতে নদীর দুই পাড়ে শিশু-কিশোর ও নারী-পুরুষসহ হাজারো উৎফুল্ল দর্শনার্থীর ঢল নামে।
'ত্রিপল্লী একতা সংঘ'-এর উদ্যোগে আয়োজিত রোমাঞ্চকর এ নৌকা বাইচ প্রতিযোগিতায় অঞ্চলটির দৃষ্টিনন্দন ও দ্রুতগতির ৬টি দলীয় নৌকা অংশ নেয়। প্রতিযোগীদের ছন্দময় বৈঠা চালানো ও মাঝিদের ঐতিহ্যবাহী সারিগানে নদীর দুই পাড়ে সমবেত দর্শকরা করতালিতে মুখরিত করে তোলেন পুরো এলাকা।
এর আগে প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মূলঘর ইউনিয়ন বিএনপি নেতা মুশফিকুর রহমান সুমন, বাহিরদিয়া মানসা ইউনিয়ন বিএনপি নেতা শেখ মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি শেখ ফিরোজ হোসেন এবং বিশিষ্ট সমাজসেবক শেখ আবদুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার আনন্দিত সাধারণ মানুষ।
নৌকা বাইচের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা শেষে নৈপুণ্য প্রদর্শনে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ডিআর




Comments