দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বাজুসের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিন সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় সোমবার বাজুসের ‘স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং’-এর বিশেষ সভায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন বাজারদর জানানো হয়।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা কিনতে গ্রাহকদের এখন খরচ করতে হবে ২ লাখ ২৯ হাজার ৮০ টাকা। এর আগে গত ৩০ সেপ্টেম্বর সর্বশেষ দর সংশোধনের পর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
বাজুসের নতুন দরপত্র তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮ ১৭ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম পড়বে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকায়।
স্বর্ণের দরপতনের পাশাপাশি বাজারে রুপার দামও নতুন করে নির্ধারণ করে দিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৫৮ টাকা।
ডিআর




Comments