দীর্ঘদিনের নীরবতা ভেঙে হাওরবেষ্টিত নেত্রকোণার খালিয়াজুরীতে আবারও সাংগঠনিকভাবে সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। উপজেলা সিপিবির উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা সদরে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সিপিবির নেতা গোলাম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার। এ সময় বক্তব্য দেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলকাছ উদ্দীন মীর, উপজেলা কমিটির নেতা ও বীর মুক্তিযোদ্ধা সঞ্জয় সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মীসভায় বক্তারা বলেন, খালিয়াজুরী একসময় কমিউনিস্ট আন্দোলনের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। নানা কারণে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রম অনেকটা স্তিমিত থাকলেও সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক দাবি আদায়ের প্রত্যয় নিয়ে নতুন উদ্যমে আবারও মাঠে নামছে সিপিবি।
সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার তাঁর বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতি, গণতন্ত্র ও সাধারণ মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, কোনো সাধারণ মানুষ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণের দাবি-দাওয়া গণতান্ত্রিক উপায়ে তুলে ধরার অধিকার নিশ্চিত করতে হবে। মানুষের কথা বলার স্বাধীনতা ও বাকস্বাধীনতা যেন কোনোভাবেই হরণ না হয়, সেদিকেও সরকারের নজর দেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। খালিয়াজুরীর সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে সিপিবি অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।
কর্মীসভায় বক্তারা কমিউনিস্ট পার্টির বিভিন্ন স্লোগান দেন। দীর্ঘদিন পর আয়োজিত এ কর্মীসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যায়।
সভা শেষে খালিয়াজুরীবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “আমরা আপনাদের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব।”




Comments