Image description

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশাগত সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) উপজেলা প্রশাসন ও মান্দা উপজেলা শিক্ষা পরিবারের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

প্রধান অতিথির বক্তব্যে ডা. ইকরামুল বারী টিপু বলেন, শিক্ষকরাই জাতির মূল কারিগর। একটি সমৃদ্ধ সমাজ গঠনে তাঁদের অবদান অনস্বীকার্য। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও সামাজিক মর্যাদা সমুন্নত রাখা জরুরি। শিক্ষকদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মোছা. আতিয়া খাতুন শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সুশিক্ষায় শিক্ষিত ও সৎ-আদর্শের জাতি গঠনে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক এনামুল হক ও আব্দুর রাজ্জাক।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান, একাডেমিক সুপারভাইজার এস এম আব্দুল লতিফ, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য গোলাম সারওয়ার স্বপন, মান্দা উপজেলা শিক্ষক সমিতির আহ্বায়ক সদেরুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সরদার, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী এবং প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক রফিকুল ইসলাম।

এ সময় মান্দা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় শিক্ষা বিভাগের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, সামাজিক মর্যাদা, দায়িত্বশীলতা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এসএ