Image description

আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (০৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন।

দলীয় সূত্র জানায়, তুরস্কের ঐতিহ্যবাহী ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিতব্য ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ডা. শফিকুর রহমান।

সম্মেলনটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থা ‘সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ’ (সিপিএসআর) যৌথভাবে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে।

জানা গেছে, এই সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, আন্তর্জাতিক কূটনীতিক, প্রখ্যাত গবেষক এবং শীর্ষস্থানীয় বিভিন্ন উন্নয়ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

দলীয় সূত্রে আরও জানানো হয়, তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরবে গমন করবেন এবং সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। ওমরাহ পালন ও সফর শেষ করে আগামী ১১ অক্টোবর সকালে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

ডিআর